আনুশকা হারিয়ে গেছেন তাঁর জীবন থেকে। কিন্তু সত্যিই কি হারিয়ে গেছেন আনুশকা? সম্প্রতি এনডিটিভি জানিয়েছে, বিচ্ছেদের দূরত্ব হটিয়ে শিগগিরই মিলছেন বিরাট ও আনুশকা।

মাস কয়েক আগেও ক্যারিয়ারের একটা বাজে সময় কাটিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। যদিও এখন সেই খরা কাটিয়ে আবারও ফিরেছেন দুর্দান্ত ফর্মে।

কিন্তু এরই মাঝে সময় চুরি করেছে তাঁর প্রেম; বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মাকে।

বিরাট আনুশকার প্রেম, ক্রিকেট মাঠ আর গ্যালারিতে তাঁদের সংযোগ, উপস্থিতি— এই দুই তারকার প্রেমের কল্যাণে সব মিলিয়ে দারুণ একটা সেনসেশনই তৈরি হয়েছিল ক্রিকেটবিশ্বে।

বিরাটের গ্যালারিতে উড়িয়ে মারা ছক্কা অনুসরণ করে শেষপর্যন্ত কিন্তু টিভি ক্যামেরা পর্দায় ফুটিয়ে তুলত গ্যালারিতে উচ্ছ্বসিত আনুশকার মুখ।মাঠে বিরাট থাকলে শত ব্যস্ততার বাধা ডিঙিয়েও গ্যালারিতে আনুশকা থাকবেনই।

সবাই তাজ্জব বনে গিয়েছিলেন তখনই যখন বিরাটের সঙ্গে আনুশকার বিচ্ছেদের খবরটি প্রকাশিত হয়েছিল। ছাড়াছাড়ি তো বটেই যেন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল দুজনের।

যা হোক, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খেলায় বিরাটের অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত আনুশকা আর নিজেকে স্থির রাখতে পারেননি। শত হলেও প্রেমিক।

তার ওপর বিরাটের কল্যাণে দেশের এই সাফল্য!— সব মিলিয়ে উচ্ছ্বাসে ভাসতে ভাসতে বিরাটকে খুদেবার্তা পাঠানোর পাশাপাশি ফোনই করে বসেছিলেন আনুশকা।

শুরুর সেই শুভেচ্ছা জানানো আর স্বল্প সময়ের ফোনালাপই নাকি এখন প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
সেই পুরোনো সব উজ্জ্বল প্রেমের দিনগুলোর মতোই ফোনে কথা চলছে প্রতিদিনই।

সব মিলিয়ে বিষয়টা এখন যে দিকে গড়িয়েছে, তাতে এটা স্পষ্ট যে আজ না হোক, কাল না হোক; পরশু, বিরাট-আনুশকা মিলছেনই।

মুম্বাই মিরর। এনডিটিভি।

এসএম