বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর কারও শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি। তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এর আগে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৭ শিশু।
সব মিলিয়ে বুধবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে রোগটির বিস্তার ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এস