মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং অপরজন সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৫৪৫ জন হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭ জন, সিলেটে ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়।

হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।