মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও ভুয়া মেডিকেল প্রতিবেদন তৈরির অপরাধে মিরপুরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো মেডিসন ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা, সাইক, মেডিনেট ও ডা. আমানত ডায়াগনস্টিক সেন্টার।
গতকাল দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মেডিসন, মেডিনেট ও সাইক ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্স ছিল না। প্রয়োজনীয় লোকবল ছাড়াই এই তিনটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করে আসছিল।
এ ছাড়া বিভিন্ন চিকিৎসকের স্বাক্ষর জাল করে রোগ নির্ণয়ের ভুয়া প্রতিবেদন তৈরি করত এরা। এ জন্য মেডিসন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ১০ হাজার টাকা, মেডিনেট ডায়াগনস্টিক সেন্টার ৩ লাখ টাকা ও সাইক ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তবে লাইসেন্স থাকলেও রোগ নির্ণয়ের ভুয়া প্রতিবেদন তৈরির অপরাধে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ১০ হাজার টাকা ও ডা. আমানত ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এমএম





