ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ‘বৃক্ষশিশু’ রিপন সরকারকে চিকিৎসার জন্য রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সকালে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়।

আট বছর বয়সী শিশু রিপনও ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের মতো এপিডার্মোডিস প্লাসিয়া ভেরাসিফরমিস রোগে আক্রান্ত বলে ধারণা করছেন চিকিৎসকরা। তবে তার রোগ আবুল বাজনদারের মতো মারাত্মক আকার ধারণ করেনি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, রিপনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু হয়নি। তবে আমরা ধারণা করছি, আবুলের তুলনায় রিপনের শরীরের মাংসগুলো ততটা বৃদ্ধি পায়নি। তাই অপেক্ষাকৃত কম অস্ত্রোপচার করে তাকে সুস্থ করে তোলা যাবে।

ডা. সেন আরও বলেন, দরিদ্র পরিবারের এই শিশুটি ঠিকমতো খাবার পায়নি। তার পুষ্টির অভাব রয়েছে। এ কারণে শারীরিক বৃদ্ধিও সঠিকভাবে হয়নি। চিকিৎসা শুরুর আগে তাকে ভালো ও পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। রক্তেরও প্রয়োজন হতে পারে।

রিপনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেটগাঁও গ্রামে। তার বাবা মহেন্দ্র দাশ একজন চর্মকার। তিনি বলেন, জন্মের তিন থেকে চার মাস পর থেকে রিপনের হাত ও পায়ে শিকড়ের মতো গজাতে থাকে। পরে তা বাড়তে থাকে বলে জানান তিনি।

এম এ