স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে চিকিৎসক ও ওষুধ পাঠানো হবে।
তিনি বলেন, 'আমরা ফিলিস্তিনের সাধারণ মানুষের চিকিৎসার জন্য ১৪ দলের পক্ষ থেকে ডাক্তার ও ওষুধ পাঠাবো।'
বুধবার বিকালে রাজধানীর শেরে বাংলানগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, 'আগামী ৭ আগস্ট ৬ হাজার ২২১ জন নতুন ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছি। সবাইকে বলে দিয়েছি ২ বছরের আগে কোন কথা শুনবো না। প্রয়োজনে নিজ জেলা-থানায় পোস্টিং নিতে পারেন।'
রোগীদের জিম্মী করে ধর্মঘট না করতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের জিম্মি করে ধর্মঘট করবেন না। ধর্মঘট ছাড়া অন্য পন্থায় আন্দোলন-প্রতিবাদ করুন আমরা বিবেচনা করে দেখবো।
তিনি বলেন, আমি সব সময় রোগীর আৎমীয় স্বজনদের বলেছি অহেতুক ডাক্তারদের আঘাত করা যাবে না। কোন ডাক্তার ইচ্ছাকৃতভাবে রোগীর ক্ষতি করতে পারে না।
ভেজাল ওষুধ বিরোধী অভিযান সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, নিয়মিত অভিযান চলছে, সাজাও হচ্ছে। প্রয়োজনে এই অভিযান আরও জোরদার করা হবে।
ঈদে হাসপাতালগুলো যাতে ডাক্তার শূণ্য না থাকে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, ঈদে যাতে করে হাসপালগুলোতে ডাক্তার থাকে সে ব্যাপারে ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রণালয় হাসপাতালকে নির্দেশ দেয়া হয়েছে।
ড্রাগ আইন পরিবর্তন করা হবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, প্রয়োজনীয় সুপারিশ থাকলে আমরা আইন মন্ত্রণালয় অথবা সংসদকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতে পারি।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বিএমএ-এর মহাসচিব ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বেলা ৩টা ৫০ মিনিটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমন্ত্রী একটি বকুল চারা রোপণ করেন। পরে হাসপাতালটির শিশু বিভাগ উদ্বোধন করেন।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





