নিস্পাপ মানুষের রক্তের ওপর দিয়ে ইসরাইল তার যায়নবাদী স্বপ্ন বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন সাবেক আমেরিকান ইহুদী কংগ্রেসম্যান হেনরি সেইগম্যান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বর্বরতারও তীব্র নিন্দা জানান তিনি। 

স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে একটি জনপ্রিয় সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘ডেমোক্রেসি ন্যাও (Democracy Now)’-এর সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এসব মন্তব্য করেন। হেনরি সেইগম্যান আমেরিকার ‘কাউন্সিল অন ফরেন রিলেসনস’ এর একজন সাবেক সিনিয়র ফেলো এবং এই গবেষণা প্রতিষ্ঠানটির আমেরিকা/মধ্যপ্রাচ্য প্রকল্পের সভাপতি।

সেইগম্যান বলেন, ইহুদীদের যায়নবাদী স্বপ্ন একের পর এক নিস্পাপ মানুষকে খুন করার ওপরই প্রতিষ্ঠিত। সাম্প্রতিক সময়ে টেলিভিশনের খবরে প্রচারিত ফুটেজ লক্ষ্য করলে বিষয়টি দিবালোকের স্পষ্ট হয়ে যায়। এতে বরং সৃষ্টি হচ্ছে গভীর থেকে গভীরতরো সংকট।

গত ৮ জুলাই ২০১৪ থেকে গাজায় ইসরাইল বিমান হামলা শুরু করে। পরবর্তীতে ১৭ জুলাই থেকে সর্বাত্মকভাবে স্থল হামলাও শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী।

সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী এ পর্যন্ত এসব হামলায় ১৩৭০ ব্যক্তি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ। আহত হয়েছেন আরও বেশ কয়েক হাজার। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত ও আহতদের ৮০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

জার্মান বংশদ্ভুত আমেরকার ইহুদী সেইগম্যান আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় হোক আর আঞ্চলিক বাস্তবতার বিবেচনায় হোক গাজায় ইসরাইলি আগ্রাসন কখনই কোন সুফল বয়ে আনবে না।

মধ্যপ্রাচ্য বিষয়ক এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, সেখানে কতজন ইসরাইলি মারা যাচ্ছে আর কতজন ফিলিস্তিনি মারা যাচ্ছে সেটা বড় কথা নয়, মূল বিষয় হচ্ছে এর দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ভয়াবহ। গাজায় যেভাবে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে তা অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গিতে ধ্বংসাত্মক।

সেইগম্যান বলেন, তেলআবিব ইচ্ছে করলেই ফিলিস্তিনে যেসব জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে সেটা ছেড়ে দিয়ে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারতো।

মধ্যপ্রাচ্য বিষয়ক এই অন্যতম শীর্ষ রাজনৈতিক বিশ্লষক বলেন, যদি প্রশ্ন করা হয়- মানুষের জীবন ধ্বংস করে দিয়ে যে বিশৃঙ্খলা এখন চালানো হচ্ছে তা বন্ধে ইসরাইলের কি কিছুই করার ছিল না? তারা কি এমন কিছু করতে পারতো না যাতে এতগুলো প্রাণহানী ঘটতো না? এসব প্রশ্নের উত্তর হলো-অবশ্যই পারতো, তারা দখলদারী বন্ধ করতে পারতো।

সেইগম্যান ইসরাইলকে একটি ‘প্রকৃতই বৈষম্যমূলক (de-facto apartheid)’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘দুই রাষ্ট্র সমাধান নীতি (two-state solution)’ এখন মৃত।

তিনি তথাকথিত শান্তি প্রক্রিয়া কখনো সফলতার মুখ দেখবে না এমন মন্তব্য করে বলেন, বহু আগেই ইসরাইলের সিদ্ধান্ত গ্রহণকারী অভিজাত গোষ্ঠী এই মর্মে মতৈক্যে পৌছেছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে তারা কখনোই মেনে নেবে না। তাই ফিলিস্তিনি ভূমি দখল করা তাদের সেই লক্ষ্য পূরণেরই একটি অপকৌশলমাত্র। (সূত্র: প্রেসটিভি)

ঢাকা, ০১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি