বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভারতীয় ৪০ টি মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়েছে। এসব ট্রলারে প্রায় ৬০০ জন জেলে রয়েছেন। রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কাকদ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে।

প্রতিটি ট্রলারে ১৬ জন করে জেলেকে নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সমুদ্রে যায় ট্রলারগুলো। তবে রবিবার ঝড় হওয়ার পর থেকে সমুদ্রে যাওয়া জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন জেলে সমিতির সভাপতি জয়কৃষ্ণ হালদার।

নিখোঁজ ট্রলারের অবস্থান জানতে সব রকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সুন্দরবন উন্নয়ন বিষয়কমন্ত্রী মন্টুরাম পাখিরা। নিখোঁজ ট্রলারের অবস্থান শনাক্ত করতে উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপ হারবার থেকে একটি জাহাজ পাঠিয়েছে কোস্ট গার্ড।

এদিকে কলকাতার নিকটবর্তী বঙ্গোপসাগরে আরো দুটি ট্রলারডুবি হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের জেলে কল্যাণ এসোসিয়েশনের প্রধান বিজন মাইতি।

বিজন মাইতি জানিয়েছেন, ডুবে যাওয়া দুটি ট্রলারে ৩২ জন জেলে ছিলেন। যাদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: এনডিটিভি

ঢাকা, ০৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ