বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে ওই জেটিতে যান। সেখানে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য অবৈধভাবে সংগ্রহের চেষ্টা করছিলেন তারা।
জানা গেছে, ওই সময় একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। এর সঙ্গে সংযুক্ত একটি পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং পয়েন্ট তৈরি করে পণ্য সংগ্রহের চেষ্টা করেন তরুণেরা।
নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য নেওয়ার সময় হঠাৎ করে চারপাশে ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকে অসুস্থ হয়ে জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে ডুবে যান বলেও জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার প্রকৃত চিত্র ও এর ভয়াবহতা নিরূপণে তদন্ত চলছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে বলেন, নিহতরা পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের জন্য একটি ট্যাপিং পয়েন্টে পাইপ সংযোগ করেছিলেন।
তিনি জানান, ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য অপেক্ষমাণ জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করা হয়।
ফাইনফেসের ভাষ্য, উচ্চচাপে পাইপলাইনের ভেতর দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য যাওয়ার সময় তরুণেরা তা নৌকায় নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। পরে নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা যায়। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ঘটনাটি তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধ তেল উত্তোলন ও পেট্রোলিয়াম চুরির ঝুঁকি আবারও সামনে এনেছে। রিভার্সসহ দেশটির বিভিন্ন এলাকায় অপরিশোধিত তেল চুরি, অবৈধ পরিশোধন ও পেট্রোলিয়ামজাত পণ্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করা হয়। এ সময় তেল চুরির অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান থেকে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট রিভার্স প্রদেশে অভিযান চালিয়ে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংসের কথা জানায় নাইজেরিয়ার নৌবাহিনী। একই অভিযানে অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়।
এস