প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫ লাখ ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৭০২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৪১৬ জনের। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সেরে উঠেছেন ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৫১৮ জন।

কোভিড-১৯ সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৫ হাজার ১৯৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৬৪ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ২০১ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৯১ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩৮০ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৬৬৬ জনের।

এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন সাড়ে তিন হাজার অতিক্রম করেছে। একইদিনে আরও ২ হাজার ৯৯৫ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।

তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়া কোভিড রোগীর সংখ্যাও কম নয়। এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এমবি