ফিলিপাইনে সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৭ জন মুসলিম স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী এই গ্রুপটি সরকার ও দেশের প্রধান মুসলিম বিদ্রোহী গ্রুপের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তির বিরোধী। দক্ষিণাঞ্চলে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রচণ্ড সংঘর্ষ চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সামরিক মুখপাত্র কর্নেল ডিকসন হার্মোসো জানান,ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলিম প্রধান  মিন্দানাও দ্বীপের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন 'বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারে'র (বিআইএফএফ) যোদ্ধারা।
তিনি এ সপ্তাহের সংঘর্ষে বিআইএফএফের ১৭ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। এ সময় দুই সৈন্য ও একজন বেসামরিক নাগরিক আহত হয়।
ফিলিপাইনের কয়েক দশকের সহিংসতা নিরসনের লক্ষ্যে সরকার ও মিন্দানাও দ্বীপের প্রধান বিদ্রোহী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যে আলোচনার সফল পরিসমাপ্তির দু’দিন পর সোমবার সামরিক বাহিনী এ অভিযান চালায়।
বিআইএফএফ হচেছ এ শান্তি প্রচেষ্টার বিরোধিতাকারী একটি গ্রুপ। গ্রুপটি শান্তি আলোচনা বানচাল করার লক্ষ্যে সামরিক বহরগুলোতে ভয়াবহ অনেক হামলা চালায়। সূত্র: এএফপি
ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ