পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সামনে চলা এক বিক্ষোভ সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বিবিসি জানিয়েছে, ওই হামলায় পাকিস্তানের দুজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটির নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় জাহিদ গোন্দাল এবং আহমাদ মবিন নামের পাঞ্জাব পুলিশের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।

পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সামনে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি বড় সংগঠন অবৈধ ওষুধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিল। সমাবেশ থেকে তারা বাজারে অবৈধ ওষুধ বিক্রি বন্ধের দাবি জানায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্য উপস্থিত ছিলেন। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, চার শতাধিক মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়।

ওই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মধ্যস্থতা করার চেষ্টা করছিলেন নিহত পুলিশ কর্মকর্তা আহমাদ মবিন। ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। লাহোরের প্রতিটি হাসপাতালকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে বিস্ফোরণস্থল ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করছেন। আর এরই মধ্যে তদন্ত কাজও শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে হামলাকারীদের আটক করতে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে নিজ বাহিনীর সদস্যদের কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।


জেড