বিহারে ট্রেনের ধাক্কায় পাইগিও (এক ধরনের যাত্রীবাহী পিকআপ) উল্টে একই পরিবারের ১৩ জনসহ মোট ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৭ শিশু ও ৫ নারী রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে পরিবারের কর্তাও রয়েছেন। একই পরিবারের আরেক নারী আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ট্রেনটি মুজাফফরপুর থেকে দেরাদুন যাচ্ছিল। রাপ্তি গঙ্গা এক্সপ্রেস নামের ট্রেনটি সেমরা ও সুগাউলি রেলস্টেশনের মাঝামাফি জায়গায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি প্রাদেশিক রাজধানী পাটনা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। রক্তের স্রোতে ভেসে গেছে আশপাশ। নিহতদের দেহের টুকরো রেল লাইনের ১০০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
নিহত হওয়া একই পরিবারের যাত্রীরা পিকআপে করে তীর্থস্থানে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন। তীর্থস্থানটি সেমরা রেলস্টেশনের কাছেই অবস্থিত।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে অন্তত ৫ হাজার গ্রামবাসী জড়ো হয়। তারা রেলক্রসিংয়ের গেটম্যানকে খুঁজতে থাকে। গেটম্যানের দায়িত্ব ছিল ট্রেন আসলে গেট বন্ধ রাখা। কিন্তু গেটম্যান সেমরা স্টেশন মাস্টার আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। উত্তেজিত গ্রামবাসী পরের ট্রেনের ড্রাইভারকে লক্ষ্য করে ইটের টুকরো ছুঁড়ে মারে এবং ট্রেনের হোসপাইপ কেটে দেয়। তবে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





