১৫ দিনে অবরুদ্ধ গাজা উপত্যকার অন্তত ৬৫০ জন ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরাইলি নরপশুদেরকে নোবেল পুরস্কার দেয়া উচিত। হামাসের বিরুদ্ধে যুদ্ধে তারা যে ‘অকল্পনীয় ধৈর্যের’ পরিচয় দিয়েছে সেজন্য তারা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এ দাবি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডারমার।
সোমবার রাতে ওয়াশিংটনে ‘ক্রিশ্চিয়ান্স ইউনাইটেড ফর ইসরাইল’ গ্রুপের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান ডারমার। মঙ্গলবার ফেইসবুকে তার এ বক্তব্য প্রকাশিত হয়।
ইসরাইল অভিমুখে হামাসের রকেট হামলাকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে জার্মান বাহিনীর বোমাবর্ষণের সঙ্গে তুলনা করেন। গাজায় যুদ্ধাপরাধ চালানোর জন্য যারা ‘নির্লজ্জভাবে’ ইসরাইলকে অভিযুক্ত করছে ডারমার তাদের নিন্দা জানান।
ওয়াশিংটনে নিযুক্ত ইহুদিবাদী রাষ্ট্রদূত বলেন, “বাস্তবতা হচ্ছে, ইসরাইলি সেনাবাহিনীকে নোবেল পুরস্কার দিতে হবে... অকল্পনীয় ধৈর্যের সঙ্গে যুদ্ধ করার জন্য ইসরাইলি সেনাদের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।”
ইহুদিবাদীরা যে লোকলজ্জার কতখানি মাথা খেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করেছিল রন ডারমারের বক্তব্যে তার প্রমাণ পাওয়া যায়। গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর পাশবিক কায়দায় হামলা চালিয়ে অগণিত নারী ও শিশুকে হত্যা করার পর ইসরাইলি রাষ্ট্রদূত বুক ফুলিয়ে নোবেল পুরস্কার দাবি করছেন। এর চেয়ে নির্লজ্জ আচরণ পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো করে নি বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





