ইয়েমেনের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত সশস্ত্র বাহিনী এবং হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবকে লক্ষ্য করে ছুঁড়ে মারা একটি স্কাড মিসাইল ঠেকিয়ে দিয়েছে সৌদি সামরিক বাহিনী।

সৌদি আরবের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, আজ (শনিবার) রাত ২টা ৪৫ মিনিটে সৌদি শহর খামিস আল মুসাইতকে লক্ষ্য করে একটি স্কাড মিসাইল নিক্ষেপ করা হয়।

তবে মিসাইলটি তার লক্ষ্যে পৌঁছার আগেই সৌদি বিমান বাহিনী “রয়েল সৌদি এয়ার ডিফেন্স”-এর সদস্যরা পাল্টা “প্যাট্রিয়ট মিসাইল” নিক্ষেপ করে এটিকে ব্লক করে দেয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে স্কাড মিসাইল প্রতিহতের এই বিবৃতি এমনই সময়ে দেয়া হলো যার মাত্র কয়েক ঘন্টা আগে হুথি যোদ্ধা ও সালেহ সমর্থিত বাহিনীকে একযোগে ইয়েমেন সীমান্তবর্তী জিযান প্রদেশ থেকে হটিয়ে দেয়ার দাবি করা হয়েছে দেশটির পক্ষ থেকে।

এদিকে, সৌদি জোটের শুক্রবারের ওই প্রতিরোধের মুখে ইয়েমেনের সাবেক রাষ্ট্রপতি সালেহের অনুগত বেশ কয়েকজন রিপাবলিকান গার্ডের সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। ইয়েমেনে যুদ্ধ শুরুর পর এটাই সবচেয়ে বড় আক্রমন বলেও সৌদি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

অবশ্য গুরুতর আহত সৌদি সামরিক বাহিনীর চার সদস্য ওই সংঘর্ষে নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

সৌদি বিবৃতিতে আরও বলা হয়, এটা একটা বড় ধরনের নৈতিক বিজয়ও বটে, কারণ-তাদের ভাষায়- আগ্রাসনকারীরা ওই হামলার মধ্য দিয়ে সৌদি-ইয়েমেন সীমান্তরেখা মুছে ফেলতে চেয়েছিল।

ধারণা করা হচ্ছে, শুক্রবার যখন সালেহ অনুগত ও হুথি যোদ্ধারা একযোগে সীমান্তের আল খাওবা পয়েন্টে হামলা চালিয়ে সৌদি ভূখন্ডে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন তখনই যুদ্ধ বেঁধে যায়।

বিদ্রোহীরা সৌদি সামরিক অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেন। জবাবে সৌদি সেনারা আর্টিলারি সেল নিক্ষেপ করেন এবং অ্যাপাচি হেলিকপ্টার গানশিপের সহায়তা নেন।

প্রতিরোধ হামলার সময় সীমান্ত-সংলগ্ন ইয়েমেনের ভূখন্ডে অবস্থিত অন্যান্য হুথি ঘাটিতেও আক্রমন করেন সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যরা।

এর আগে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের খবরে দেখানো হয়, হুথি ও সালেহ সমর্থিত যোদ্ধারা সৌদি ওয়াচ-টাওয়ারের দিকে অগ্রসর হচ্ছেন এবং রকেট নিক্ষেপ করছেন।

কেবি