logo
Search

আন্তর্জাতিক

মক্কা চুক্তিতে বাংলাদেশকে ঘিরে কার কী অবস্থান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ ঘিরে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশ এখনো এ জোটে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। এর মধ্যেই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান জানিয়েছে পাকিস্তান, ইরান ও ভারত।

চলতি বছরের ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট বা ‘মক্কা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির মূল নীতি হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ কারণে কেউ কেউ এটিকে ‘মুসলিম ন্যাটো’ বা ‘ইসলামিক ন্যাটো’ হিসেবেও অভিহিত করছেন।

পাকিস্তান

বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে পাকিস্তান জানিয়েছে, এই মুহূর্তে জোটে নতুন কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানিয়েছেন, জোটের কমান্ড কাঠামো পুরোপুরি শক্তিশালী না হওয়া পর্যন্ত এটি তিন দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ইরান

মক্কা চুক্তি নিয়ে ইরানের অবস্থান তুলনামূলকভাবে নিরপেক্ষ। তেহরান টাইমসের প্রতিবেদনে ইরানের কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, এ ধরনের আঞ্চলিক সামরিক সমন্বয় ইরানের সরাসরি স্বার্থের পরিপন্থী নয়।

চুক্তির পরিধি কিংবা বাংলাদেশ এতে যোগ দেবে কি না—এ নিয়েও তেহরানের কোনো আপত্তি বা উদ্বেগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারত দেখছে কৌশলগত ঝুঁকি

বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে বিষয়টি ভারতের জন্য কৌশলগত ও নিরাপত্তাগত উদ্বেগের কারণ হতে পারে বলে বিশ্লেষণ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের ‘চিকেনস নেক’ ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি হওয়ায় পাকিস্তান-তুরস্ক-সৌদি বলয়ের সামরিক জোটে ঢাকার অংশগ্রহণ ভারতের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশের অবস্থান কী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও কোনো আলোচনা শুরু হয়নি।

তবে তিনি অন্য এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ভবিষ্যতে বাংলাদেশের কৌশলগত স্বার্থ বিবেচনায় এমন কোনো জোটে যুক্ত হওয়াকে অবাস্তব বা অস্বাভাবিক বলা যাবে না।

এস