ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ‘জয়বাংলা’ বলে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমি ‘জয়বাংলা’ বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশকে ভালোবাসি। মনে হচ্ছে, আমি নিজের দেশে এসেছি।
এর আগে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট-২৩০-এ করে ২১ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সঙ্গে আনেন তিনি।
বিমানবন্দরে মমতা ব্যানার্জিকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
মমতা ব্যানার্জি উপস্থিত সবাইকে বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। মনে হচ্ছে, আমি নিজের দেশে এসেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের ইমোশনাল রিলেশন (আবেগের সম্পর্ক)।
এ সফরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, অনেক আন্তরিকতা নিয়ে এসেছি। আশা করছি, এ সফর আনন্দদায়ক হবে।
মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে প্রচারিত একটি গানের চরণ উচ্চারণ করে মমতা বলেন, আমরা জানি, ‘বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ/ জীবনানন্দের রূপসী বাংলা/রূপের যেন নেইকো শেষ...’।
উপস্থিত সাংবাদিকেরা মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানালে এর উত্তরে তিনি বলেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশে এসে আমি অনেক খুশি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে।
এরপর তাকে রাজধানীর প্যান-প্যাসেফিক হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনদিনের সফরে ঢাকা এসেছেন।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন মমতা ব্যানার্জি। বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি উদযাপন দেখার আগ্রহের কথা জানার পরই মমতাকে আমন্ত্রণ জানান তিনি। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠকে তিস্তার পানিবণ্টনসহ দু’দেশের দীর্ঘদিন ধরে আটকে থাকা নানা বিষয় মিটে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতার সফর সঙ্গীদের অনেকেই।
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন- সেখানকার নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, দীপক আধিকারী, এমপি, মুখ্য সচিব সঞ্জয় মিত্র এবং অভিনেত্রী শতাব্দী রায়।
মমতার প্রতিনিধি দলে বিশিষ্ট সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন।
তার সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মমতার সম্মানে চা-চক্রের আয়োজন করবেন।
জেআই/কেএইচ





