অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম প্রধান গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হবে। এ সময় কৃষিখাতে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।
সম্প্রতি অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়ার পর দেশটিতে ভিসা প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়। আগে যেখানে কয়েক দিনের মধ্যে ভিসা পাওয়া যেত, সেখানে কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। এতে ফসল কাটার মৌসুমে শ্রমিক সংকটের আশঙ্কা তৈরি হয়।
এ পরিস্থিতিতে কৃষিখাতের জরুরি প্রয়োজন বিবেচনায় বিশেষ ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এখন কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি প্রয়োজন উল্লেখ করে বিদেশি শ্রমিকদের ভিসার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য অনুরোধ করতে পারবে।
কৃষক সংগঠনগুলোর নেতারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজনীয় সংখ্যক বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে প্রয়োজনীয় দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারের অভিবাসন নীতিতে কড়াকড়ি অব্যাহত থাকলেও কৃষিখাতে শ্রমিক সংকটের কারণে উৎপাদন ও ফসল সংগ্রহে যাতে বড় ধরনের প্রভাব না পড়ে, সে লক্ষ্যেই এই দ্রুত ভিসা প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
এনএইচ




