ধর্ষণ ও হত্যার দায়ে সাজাপ্রাপ্ত এক মার্কিন সৈন্য কারাগারে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সাবেক মার্কিন সৈন্য স্টিভেন ডেল গ্রিনের বিরুদ্ধে ২০০৬ সালের মার্চে বাগদাদের দক্ষিণে ছোট্ট কৃষিপ্রধান এলাকা মাহ্মুদিয়ায় ১৪ বছর বয়সী একটি ইরাকি মেয়েকে গণধর্ষণে নেতৃত্ব দেয়া এবং ওই মেয়ে, তার বাবা-মা ও ৬ বছর বয়সী বোনকে হত্যাসহ ১৭টি অভিযোগ আনা হয়। ওই সৈন্য ২০০৯ সালে দোষী সাব্যস্ত হয়। শনিবার অ্যারিজোনার টাকসনে সে মারা যায়।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেল ব্যুরো অব প্রিজনের মুখপাত্র জন স্টেহলে জানান, গত বৃহস্পতিবার কারারক্ষীরা নিয়মিত টহলের সময় সেলে তাকে অসাড় পড়ে থাকতে দেখে।
জন আরো জানান, কারাগারের কর্মীরা তাকে বাঁচানোর সব ধরনের চেষ্টা চালায়। তাকে একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সে মারা যায়।
তিনি আরো বলেন, ‘এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’
ওই নিষ্ঠুর ও জঘন্য কাজে তার সঙ্গে অংশ নেয়া অপর তিন মার্কিন সৈন্য যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ভোগ করছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]