১১৬ যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া আলজেরিয়ার বিমানটির সন্ধান মিলেছে। বিমানটি আফ্রিকার নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এর যাত্রীদের সবাই নিহত হয়েছেন। খবর বিবিসি'র।

বৃহস্পতিবার দুপুরে বিমানটি বারকিনাফাসোর রাজধানী ওয়াগাদোগো থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর থেকে নিখোঁজ হয়। বিমানটিতে ১১০ জন যাত্রী, ২ জন পাইলট ও ৪ জন ক্রু ছিলেন।

বিমানটি বারকিনাফাসো থেকে সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আলজেরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত রাজধানী আলজিয়ার্সে যাচ্ছিল। পথে সাহারা মরুভূমির আকাশ থেকে হারিয়ে যায় বিমানটি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এএইচ৫০১৭ নং আন্তর্জাতিক ফ্লাইটটি উড্ডয়নের পৌঁনে এক ঘণ্টারও বেশি সময় পর থেকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে গতকাল তাইওয়ানে ট্রান্স-এশিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত হন। এর আগে ১৬ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ক্রসহ ২৯৮ যাত্রীর সবাই নিহত হন। এ ঘটনার জন্য ইউক্রেনের সরকারবিরোধী যোদ্ধাদের দায়ী করা হচ্ছে।

মাত্র কয়েকদিনের ব্যবধানে এই তিনটি ভয়াবহ যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ঘটনায় সারা বিশ্বে শোক ও বিস্ময়ের জন্ম দিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের গাজায় চলছে ইসরাইলি বর্বরতা। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় টানা ১৭ দিনের হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সূত্র: বিবিসি

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ