ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিজের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
তবে বিশ্বের বেশিরভাগ দেশের পক্ষ থেকে এ ঘটনায় ইরানকে সমর্থন করাকে তেহরানের জন্য বিরাট সাফল্য বলে মন্তব্য করেন তিনি। ড. রুহানি শনিবার সন্ধ্যায় ইরানের সুন্নি আলেমদের এক সমাবেশে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য এখন মার্কিনিদের হাতে কোনো অজুহাত নেই। কারণ তেহরান তার সব আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণ করেছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে বিশ্বের কয়েকটি ছোট দেশ ছাড়া আর কেউ যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি। যুক্তরাষ্ট্র ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ বিরোধিতার সম্মুখীন হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।
অন্যদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা যুক্তরাষ্ট্রকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে ওই পক্ষগুলোর সঙ্গে ইরানের ব্যাপকভিত্তিক আলোচনা চলছে।
এমআর





