মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে সহায়তার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্ররা যখন ইয়েমেনে নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং সিরিয়ার সন্ত্রাসীদের সমর্থন যুগিয়ে চলেছে তখন এ আহ্বান জানালেন কেরি।

কেরি বলেন, সিরিয়া সংকট সমাধানে এবং গঠনমূলক ভাবে শান্তি তৎপরতায় যোগ দিতে ইরানের প্রতি আহ্বান জানানো হচ্ছে। ছয় দেশ নিয়ে গঠিত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান কেরি। বাহরাইনের রাজধানী মানামায় পিজিসিসি’র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 

২০১১ সালের মার্চ মাস থেকে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা বিশেষ করে সৌদি আরব, কাতার ও তুরস্ক সিরিয়ায় প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছরের যুদ্ধে চার লাখ ৭০ হাজার সিরিয় নিহত এবং দুই কোটি ৩০ লাখ বাস্তুহারা হয়েছে। এদের মধ্যে অনেকেই জীবন বাঁচানোর তাগিদে দেশত্যাগেও বাধ্য হয়েছে।

এ ছাড়া, মার্কিন ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে একতরফা আগ্রাসন অব্যাহত রেখেছে। এতে অন্তত চার হাজার নারী-শিশুসহ প্রায় সাড়ে নয় হাজার ইয়েমেনি নিহত হয়েছে।

এসটি