ইরাকে সুন্নী বিদ্রোহীদের দখলে থাকা তিকরিত শহর পুনরুদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বিশাল এক ইউনিট শনিবার এ অভিযান শুরু করে। খবর আলজাজিরার।

শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় এ শহরটিতে সেনা ও সুন্নী বিদ্রোহী আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট)-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।

তিকরিতের পাবলিক বিশ্ববিদ্যালয়টি আইএসআইএল-এর যোদ্ধারা দখল করে নিয়েছে। সেখানে তারা একটি ঘাটি গড়েছে। ইরাকের সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়টি দখলে নেয়ার দাবি করেছে। কিন্তু আইএসআইএল জানিয়েছে, তারা সেনাবাহিনীর আক্রমণ ঠেকিয়ে দিয়েছে।

তিকরিতের নিকটবর্তী শহর সামারা থেকে সেনাবাহিনীর ইউনিটগুলো তিকরিতে অভিযান চালায়। সামারা থেকে তিকরিতে আসার পথে আইএসআইএল-এর ২০টি সামরিক যান ধ্বংস করে সেনাবাহিনী।

এদিকে, আইএসআইএল জানিয়েছে, তারা সেনাবাহিনীর ১০টি সামরিক যান, ছয়টি ট্যাঙ্ক ও একটি হেলিকপ্টার ধ্বংস করেছে।

এদিকে, বাগদাদে অবস্থানরত মার্কিন সামরিক উপদেষ্টাদের নিরাপত্তায় রাজধানীতে অস্ত্রবাহী ড্রোন বিমান মোতায়েন করেছে আমেরিকা। সূত্র: আলজাজিরা

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ