গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনকে সমর্থন করায় মার্কিন কংগ্রেসম্যান যোসেফ কাউলির অফিসে হামলা করেছে বিক্ষোভকারীরা। গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদকারীদের একটি দল স্থানীয় সময় বুধবার সকালে নিউইয়র্কে কাউলির অফিসে এই হামলা চালায়।

আমেরিকান কুইন্স অঞ্চলের ডেমোক্র্যাট দলের প্রধান এবং ওয়াশিংটনে ডেমোক্র্যাট দলের একজন উচ্চ পর্যায়ের সদস্য কাউলি ইসরাইলের একজন ঘোর সমর্থক এবং তিনি ক্রমাগত ইসরাইলের পক্ষে অদ্ভুত অদ্ভুত সাফাই গেয়ে বেড়াচ্ছেন।

যোসেফ কাউলি আমেরিকার যেই ১৪তম কংগ্রেসন্যাল ডিসট্রিক থেকে নির্বাচিত হয়েছেন, সেখানকার সাধারণ মানুষ চলমান ইসরাইলি আগ্রাসনের তীব্র বিরোধী বলে প্রেস টিভির সাংবাদিক ক্যালিব মফিনকে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বুধবার সকালে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে শত শত ইসরাইল-বিরোধী বিক্ষোভকারী কাউলির অফিসের সামনে জড়ো হন। ইসরাইলকে সমর্থন করায় তারা কাউলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

বিক্ষোভকারীদের একজন কুইন্সের বাসিন্দা নাইম ইসলাম ইসরাইলকে সামরিক সহায়তার জন্য ওয়াশিংটনের তীব্র নিন্দা জানান। ওয়াশিংটনের সামরিক সহায়তাকে গাজা যুদ্ধে ইসরাইল ব্যবহার করছে এমন অভিযোগ এনে তিনি বলেন, গত এক বছরেই ওয়াশিংটন এই সামরিক সহায়তা খাতে ৩.২ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ বাড়িয়েছে।

তিনি আরও বলেন, এই বিপুল অর্থ যা আমেরিকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এবং শিক্ষাখাতের উন্নয়নে ব্যবহার করা যেত। কিন্তু তা না করে এই অর্থ ইসরাইলকে দেয়া হচ্ছে এবং তা দিয়ে দেশটি ফিলিস্তিনের নিরাপরাধ মানুষকে হত্যা করছে।

কুইন্সের আরেক বাসিন্দা রন ডানকান ডেমোক্র্যাট সদস্য কাউলির সমালোচনা করে বলেন, ইসরাইলের স্বার্থ সংরক্ষণের জন্য তাকে আমরা নির্বাচিত করিনি, তাকে ভোট দিয়েছি কুইন্সের বাসিন্দাদর স্বার্থ দেখার জন্য।

এর আগে গত মঙ্গলবার নিউইয়র্ক থেকে পুলিশ ৫০ জন বিক্ষোভকারীকে আটক করে, যারা গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছিলেন। জাতিসংঘ সদর দপ্তরে ইসরাইলি মিশনের সামনে ওই প্রতিবাদকারীরা জড়ো হয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৪ দিনে গাজায় বিমান ও স্থল থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় অন্তত ১৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৬০০ নিরাপরাধ ব্যক্তি। নিহত ও আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।

ইসরাইলের এই বর্বরতাকে বিশ্বের অধিকাংশ জনগোষ্ঠী সমর্থন না করলেও আমেরিকান কর্মকর্তা এবং কংগ্রেস সদস্যদের অনেকেই এই আগ্রাসনকে ইসরাইলের 'আত্মরক্ষা' হিসেবে আখ্যায়িত করে তাতে সমর্থন জুগিয়ে আসছেন।

এমনকি স্থানীয় সময় গত সোমবার ইসরাইলের জন্য জাতীয় নেতৃত্ব শীর্ষক সম্মেলনে (National Leadership Assembly for Israel) আমেরিকান কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা জড়ো হয়ে ইসরাইলের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন। এমনকি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে যেকোনো সমালোচনারও তারা বিরোধী বলে জানালেন সম্মেলনে যোগ দেয়া কংগ্রেস সদস্যরা।

এমনকি স্পিকার জন বইনার ওই অনুষ্ঠানে এমনও ঘোষণা দেন যে, আমরা আজ এখানে এসেছি শুধুমাত্র ইসরাইলের পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে। যতক্ষণ পর্যন্ত আমি স্পিকার থাকবো এভাবেই আমার অবস্থান জানিয়ে যাব।

এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সদস্য জানান, মিসাইল, অস্ত্রভর্তি যান ও বিস্ফোরকসহ যুক্তরাষ্ট্রের মালিকানাধিক বিপুল পরিমান যুদ্ধাস্ত্র ব্যবহারের জন্য ইসরাইলকে অনুমতি দিয়েছে ওবামা সরকার। গাজায় এসব ব্যবহার করা হবে বলেও জানান ওই সদস্য। ইসরাইলের কোন একটি স্থানে ওই অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে বলেও জানান ওই সামরিক সদস্য।

ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি