দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট বাতিল করেছে মিশরের সিনাই এয়ার লাইন্স। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও হামাসের পাল্টা জবাবের কারণে যে নিরাপত্তার সংকট সৃষ্টি হয়েছে তার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। খবর রেডিও তেহরান।
সিনাই এয়ার লাইন্স ইসরাইল অভিমুখে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দু দিনে দুটি ফ্লাইট পরিচালনা করে।
গত ২২ জুলাই আমেরিকাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নিরাপত্তার কারণে ইসরাইলে বিমানের ফ্লাইট বন্ধ রাখে। তার আগে দক্ষিণ কোরিয়াও কয়েকটি ফ্লাইট বাতিল করেছিল। এছাড়া, ইসরাইলগামী এয়ার কানাডার একটি বিমান ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেটের আঘাত এড়াতে গত শুক্রবার আকাশে অন্তত ১০ মিনিট চক্কর দিতে বাধ্য হয়।
৮ জুলাই থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। ইহুদি সেনারা সেখানে মাঝে মধ্যে স্থল অভিযানও চালিয়েছে আসছে। জবাবে হামাস রকেট ছুঁড়ছে। আর এতেই ইসরাইলের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ২২ জুলাই হামাসের রকেট বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ের এক কিলোমিটার কাছে গিয়ে পড়ে। এ ঘটনার পর ফ্লাইট বন্ধ করে দেয় আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশ।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





