চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ি ফাংহো জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে। একইসাথে ওয়াশিংটনকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকুন।’

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা নিরাপত্তা সংলাপে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির জন্য চীনের সামরিক তৎপরতাকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তারো কঠোর সমালোচনা করেন ফাংহো।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে বেইজিংয়ের সামনে লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা যে কোনো মূল্যে লড়াই করব এবং শেষ পর্যন্ত এই লড়াই আমরা চালিয়ে যাব।’

চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানান ওয়ি ফাংহো।

তিনি আরো বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে হাইজ্যাক করার চেষ্টা করছে ওয়াশিংটন। একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সংঘাত ও যুদ্ধের কৌশল অনুসরণ করছে।

তিনি বলেন, ১৩ দেশের অংশগ্রহণে সম্প্রতি ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক গঠনের জন্য যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তা মূলত চীনকে টার্গেট করেই করা হয়েছে। এটি এমন একটি কৌশল যা দ্বন্দ্ব এবং সংঘাতকে উসকে দেবে। আমেরিকা প্রকৃতপক্ষে এক দেশকে ঘিরে অন্য দেশকে দ্বন্দ্বে জড়িয়ে দেয়ার ব্যবস্থা করছে।

ওয়ি ফাংহো বলেন, চীন শান্তি ও স্থিতিশীলতা চায় এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য এটি কোনো আগ্রাসনকারী দেশ নয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সংহতি জোরদার ও সংঘাত ও বিভক্তির নীতি থেকে সরে আসার আহ্বান জানান। তথ্যসূত্র : পার্সটুডে।

এবিএস