বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনাভাইরাসে’ মৃতের সংখ্যা বাড়ছেই। ইরানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জনে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইরান সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনের খবর বলছে, কোভিড-১৯ করোনাভাইরাসে ইরানে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। নিহতদের একজন দেশটির মারকাজি প্রদেশের একজন বাসিন্দা ছিলেন।

প্রদেশের গভর্নর আলি আগাজাদেহ বার্তা সংস্থা ইরনাকে জানান, প্রদেশের আরাক শহরে মৃত্যু হওয়া ওই ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। অবশ্য তিনি হৃদরোগেও ভুগছিলেন।

তবে নিহতরা ইরানে এখন পর্যন্ত শনাক্ত ২৮ জন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে থেকে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

করোনাভাইরাসের প্রভাবে ইরানে সবরকম চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। এমনকি ধর্মীয় স্থাপনাগুলোতেও লোকসমাগম সীমিত করা হয়েছে। এছাড়া দেশটির দুটি শহরের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনাভাইরাসে’ (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার ৪৫৮ জনে ছাড়িয়েছে।  আজ (২৩ ফেব্রুয়ারি) রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) করোনাভাইরাসেপ্রদেশটিতে একদিনে মৃত্যু হয়েছে আরও ৯৬ জনের। এই নিয়ে মোট হুবেই প্রদেশে এ রোগে প্রায় দুই হাজার ৪৫৮ জনের মৃত্যু হলো।

এছাড়া এই ভাইরাসে নতুনভাবে আরও ৬৩০ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রদেশটির কর্তৃপক্ষ।

সবমিলিয়ে দেশটিতে এখন প্রায় ৭৭ হাজার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই রোগে আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে এক হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক ও আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এমবি