পাকিস্তানের লাহোরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত জামাতুল আহরার জঙ্গি সংগঠন। একটি প্রতিবাদ মিছিলে ওই হামলা চালানো হয়। মিছিলে ১৩ জন নিহত হওয়া ছাড়াও প্রায় ৬৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন পুলিশ ছিল।
জামাতুল আহরারের এক মুখপাত্র ওই হামলার পর সতর্কতামূলক এক বিবৃতিতে জানিয়েছেন, এটা শুরু মাত্র। সোমবার পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের কাছে এক আত্মঘাতী ওই হামলা চালানো হয়েছে। আইজিপি মুসতাক সুখেরা জানিয়েছেন, এটা ছিল একটি আত্মঘাতী হামলা। পুলিশ কর্মকর্তা এবং প্রতিবাদ মিছিলে অংশ নেয়া লোকজনের মাঝে ওই হামলা চালানো হয়েছে।
হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। গত বছরে আগস্টে কুয়েটার একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালানো হয়। এতে ৭৪ জন প্রাণ হারায়। ওই হামলার দায় স্বীকার করেছিল জামাতুল আহরার।
জেড





