সৌদি আরবে পূর্বাঞ্চলীয় প্রদেশে সোমবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো নয় জন। হতাহতরা শিয়া সম্প্রদায়ের সদস্য বলে দাবি করেছে ইরানের প্রেস টিভি।

আল আহসা জেলার আল-দালওয়াহ শহরে ওই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

ওই মুখপাত্র বলেন, ‘একদল লোক ওই এলাকার এক ভবন থেকে বের হওয়ার পর তিন মুখোশধারী তাদের লক্ষ্য করে মেশিনগান ও পিস্তল দিয়ে গুলি করে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে জানালেও আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

সুন্নি বাদশা শাসিত সৌদি আরবে শিয়া সংখ্যালঘুদের দুটি প্রধান কেন্দ্রের অন্যতম আল আহসা জেলা, অপরটি আল কাতিফ জেলা।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি ভবনের সামনে রক্তের মাঝে একটি লাশ পড়ে আছে, আর চারপাশে ভিড় করা মানুষ সাহায্যের চেয়ে চিৎকার করছে।

আশুরা উপলক্ষ্যে সারা বিশ্বেই শিয়া মুসলিমরা শোক পালন করছেন। ১৩০০ বছর আগে এই দিনে রাসুল মোহাম্মদ (সাঃ) এর নাতি ইমাম হুসেইন যুদ্ধে নিহত হয়েছিলেন।

ইআর