ইসরাইলি লেবার পার্টির চেয়ারম্যান এবং নেসেট সদস্য ইসহাক হারজগ দাবি করেছেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শত শত কোটি টাকা দিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ২০১৫ সালের নির্বাচনী প্রচারাভিযানে সাহায্য করেছেন।
ইহুদিবাদী ইসরাইলের সাথে সৌদি আরবের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মধ্যে এ খবর এলো।
বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের সাথে সৌদি আরবের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তলে তলে তাদের সম্পর্ক বেশ গভীর। এজন্য দুটি দেশের নেতারা কেউ কারো বিরুদ্ধে কথা বলেন না।
‘পানামা পেপার্স’ নামে ফাঁস হওয়া গোপন দলিল-প্রমাণের উদ্ধৃতি দিয়ে ইসহাক হারজগ দাবি করেন, গত বছরের মার্চ মাসে নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় সহায়তা দেয়ার জন্য রাজা সালমান ৮ কোটি ডলার (৬৪০ কোটি টাকা) পাঠিয়েছেন সিরিয়-স্পেনীয় নাগরিক আইয়াদ কায়ালির মাধ্যমে।
পানামা পেপার্সে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের গোপন সম্পদ সংক্রান্ত নানা দলিল-প্রমাণের রেকর্ড ফাঁস করা হয়েছে।
ইসহাক হারজগ জানান, ব্রিটেনের ভার্জিন দ্বীপপুঞ্জের একটি কোম্পানির অ্যাকাউন্টে পাঠানো হয় সালমানের ওই অর্থ। টেড্ডি সাগি নামের এক ইসরাইলি ধনকুবের ও ব্যবসায়ী এই কোম্পানির মালিক। তিনি এই অর্থ নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণার জন্য গঠিত তহবিলে পাঠিয়ে দেন।
অবশ্য এক সংক্রান্ত খবর ইসরাইলি গণমাধ্যমে প্রকাশ হলে ইসহাক হারজগ এ ধরনের অভিযোগ করার কথা অস্বীকার করেছেন।
সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু বেশ কয়েকবার বলেছেন, ইসরাইল ও আরব সরকারগুলোর মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে।
তিনি এ প্রসঙ্গে গত মার্চ মাসে বলেছিলেন, আরব সরকারগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক নাটকীয়ভাবে উষ্ণ হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন তেলআবিব ও আরব সরকারগুলোর মধ্যে যোগাযোগের নানা চ্যানেল খোলার কথা বলেছিলেন। তবে রাজনৈতিক বাস্তবতায় স্পর্শকাতরতার কারণে আরব কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে করমর্দন করতে পারছেন না বলে ইয়ালন জানান।
তবে তিনি পরে সাবেক সৌদি গোয়েন্দা প্রধান তুর্কি বিন ফয়সালের সঙ্গে প্রকাশ্যেই করমর্দন করেছেন।
গত মাসে ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, ইসরাইল একঘরে হওয়ার পরিবর্তে ক্রমেই সৌদি নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে। এরই অংশ হিসেবে আবুধাবিতে বিশেষ মিশন খুলেছে ইসরাইল এবং পারস্য উপসাগরীয় আরব সরকারগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে বলে দৈনিকটি উল্লেখ করেছে।
সাবেক সৌদি জেনারেল আনোয়ার এশকি সম্প্রতি বলেছেন, ইসরাইল সৌদি সরকারের শান্তি প্রস্তাব মেনে নিলে রিয়াদ শিগগিরই ইসরাইলে দূতাবাস খুলবে।
এর আগে সৌদি সরকারের কর্মকর্তারা স্বীকার করেন যে প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহ ২০১৩ সালে মালয়েশিয়ার নির্বাচনে দেশটির দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতায় ফেরাতে প্রায় ৬৮ কোটি ডলার বা ৫৩০০ কোটি টাকা দান করেছিলেন।
আনোয়ার ইব্রাহিমের ইসলামঘেঁষা দলের বিজয় ঠেকাতে ওই অর্থ দিয়েছিলেন আবদুল্লাহ। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে নাজিবের দল।
এমআইএস





