প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা রাজ্যে ওই ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৬ দশমিক ৫, খবর ইউএসএ টুডে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ভোর ৪টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩ মিনিটে) নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

কেন্দ্রস্থল অনেক দুর্গম এলাকায় হলেও এতে নিকটস্থ বেকার্সফিল্ড, ফ্রেসনো ও সাকরামেন্টোর মতো এলাকাগুলোও কেঁপেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

কিছু সংবাদমাধ্যম জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশেই গত ক’দিন ধরে রিখটার স্কেলে ৩ মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা তীব্র হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

চীন থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসে শুক্রবার (১৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৬ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২ লক্ষ ৫৩ হাজার। দেশের মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি। এর মধ্যে ২২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। নিউজার্সিতে ১ লক্ষ ৪১ হাজার। এরমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের।

এই বিপর্যয়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে ভূমিকম্প সেখানকার জনগণের মনে আতঙ্ক ছড়িয়েছে।

এমবি