বহু প্রতীক্ষার পর বাংলাদেশী শ্রমিকদের ফের ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সৌদি সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে রোববার এ বিষয়ে দেশটির শ্রমমন্ত্রী আদেল ফাকিহ’র এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আদেল ফাকিহ সোমবার দেশটির গণমাধ্যমকে বলেন, ২০০৮ সাল থেকে সৌদি আরবে বাংলাদেশী নতুন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা ছিল। তবে দুই দেশের কল্যাণেই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। খুব শিগগিরই আমরা বাংলাদেশীদের জন্য ভিসা দেয়া শুরু করব।

এ সময় তিনি বাংলাদেশী শ্রমিকদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার আহ্বান জানান।

এ ব্যাপারে জানতে চাইলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম বুধবার বলেন, আমরা আশা করছি, খুব শিগগিরই বাংলাদেশী শ্রমিকদের ভিসা দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং নতুন করে শ্রমিক নিয়োগ শুরু করা হবে।

১৭ জানুয়ারি শনিবার সকাল থেকে ৮ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরব সফরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সফর শেষে আগামী ২৪ জানুয়ারি মন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল দেশে ফিরবে।

কেএইচ