মিশরে তিনটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। সোমবার দেশটির আসওয়ান প্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। খবর বিবিসির।
মরুভূমির মধ্য দিয়ে যাওয়া হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ঐতিহাসিক ইদফু শহরের কাছে বলে জানা গেছে। তিনটি মিনিবাসই অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, দেশটিতে মিনিবাসকে অনেক ক্ষেত্রে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়।
উল্লেখ্য, মিশরে সড়ক দুর্ঘটনা একটি নিত্য-নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। প্রতি বছর শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন দেশটিতে। গাড়ি ও রাস্তার দুর্বল ব্যবস্থাপনা, অতিরিক্ত গতি এবং বেপরোয়া গাড়ি চালনাকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।
গত আগস্টে মিশরের ভূমধ্যসাগরীয় পর্যটন কেন্দ্র শার্ম আল শেখে দুটি বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত ও ৪১ জন আহত হন। সূত্র: বিবিসি
এসএমএ





