ইরান পার্লামেন্টর ৬ সদস্যের প্রতিনিধি দল রোববার সকালে ঢাকা পৌঁছেছে। ইরান পার্লামেন্টের নারী ও পরিবার বিষয়ক সংসদীয় প্রধান ফাতেমা রাহবার’র নেতৃত্বে প্রতিনিধি দল সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।
বিমান বন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্যসহ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল প্রমুখ।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন নাইরাহ আকাভান বিতরাফ এমপি, সাহলা মিরগুলো বাইয়াত এমপি, সাকিনাত ওমরানী এমপি, ইরান পরারাষ্ট্র দপ্তরের প্রতিনিধি হামিদরেজা সলতানপুর এবং প্রোটকল বিশেষজ্ঞ জালাল আবুল হাসানী।
প্রতিনিধি দল রোববার বিকাল ৪টায় ইরানি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টায় বৈশাখী টেলিভিশনে মনজুরুল এ বিশেষ সাক্ষাৎকার প্রদান করবেন।
প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা অবস্থানকালে ঢাকার হোসেনী দালান, বারিধারার আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মোহাম্মদপুরে নকশি কাঁথা কাটিং অ্যান্ড ট্রেনিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ল্যাংগুয়েজ ও সাহিত্য কেন্দ্র এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।
এছাড়াও প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থায়ী কমিটির সাথে সাক্ষাৎ করবেন।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





