পাকিস্তান সফররত চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন বা সিএমসি'র ভাইস চেয়ারম্যান জেনারেল জাং ইউসিয়া সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাক সেনাবাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
আজ (শুক্রবার) রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকের সময়ে দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেন।
এছাড়া, তিনি পাকিস্তান ও চীনকে লৌহদৃঢ় ভাই বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্ব সব ঋতুর এবং দেশ দুইটি পরস্পরের কৌশলগত অংশিদার।
জেনারেল বাজওয়াও পাক-চীন সম্পর্ককে সব ঋতুর সম্পর্ক হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে এটি গড়ে উঠেছে।
এছাড়া, দুই দেশের সামরিক প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে। পাশাপাশি দেশ দু'টি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক কয়েকটি সমঝোতা পত্রও সই করেছে।
এমবি





