ভারতের দুই মৎস্যজীবী হত্যার দায়ে দুই ইতালীয় সেনার বিচারকে কেন্দ্র করে জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রোম।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী এমা বোনিনো বলেছেন, ভারতে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত দুই ইতালীয় সেনার ব্যাপারে বান কি মুন রোমের পক্ষাবলম্বন করবেন বলে তিনি আশা করেছিলেন।
গত বুধবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছিলেন, তার সংস্থাকে না জড়িয়ে ভারত ও ইতালির উচিত এ সংক্রান্ত সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা। তবে এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোট এ বিষয়ে রোমের প্রতি সমর্থন জানিয়েছে।
বান কি মুনের বক্তব্য শোনার পর ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বলেছেন, মুনের বক্তব্যে তার সরকার ‘অত্যন্ত দুঃখ’ পেয়েছে এবং ‘হতভম্ভ’ হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব ইতালি ও ভারতের মধ্যকার বিতর্কের দিকে না গিয়ে মধ্যপন্থা অবলম্বন করলেন।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভারত মহাসাগরে একটি ইতালীয় তেল ট্যাংকারকে পাহারা দানকারী দুই মেরিন সেনা দু’জন ভারতীয় জেলেকে গুলি করে হত্যা করে। নয়াদিল্লি তাৎক্ষণিকভাবে ওই দুই মেরিন  সেনাকে আটক করলেও পরে তাদেরকে জামিনে মুক্তি দেয়। তাদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা না হলেও এ নিয়ে নয়াদিল্লি ও রোমের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: আইআরআইবি

[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) //  টিআই[/b]