প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৬ হাজার ৯৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৭০৮ জনের।
গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। এর ৫৪ দিনের মধ্যে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৫০ হাজারে। এরপরের ৩৪ দিনে দেশটিতে ১ লাখ মানুষ করোনায় মারা যায়। খবর সিএনএনের
গত দুই মাসের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বাড়ছে সর্বোচ্চ হারে। গত ১১ দিন ধরে দৈনিক এক হাজারের বেশি মানুষ মারা গেছেন সেখানে।
বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬১ জন, যা গত ২৭ মে’র পর থেকে সর্বোচ্চ। ওইদিন দেশটিতে মৃতের তালিকায় নাম উঠেছিল ১ হাজার ৪৮৪ জনের।
চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংক্রমণ বৃদ্ধির কারণে মার্চ-এপ্রিলে জারি করা লকডাউন পুরোপুরি তুলে অর্থনৈতিক কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।
এদিকে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৬ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৭৬৩ জন। এছাড়া বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লাখ ৪ হাজার ৫৭৯ জন।
এমবি





