পেরিউঙ্গুয়াল ক্যালোসিটি: আঙুলের ডগায় অতিরিক্ত চাপ, ঘর্ষণ বা শুষ্কতার কারণে নখের চারপাশে চামড়া শক্ত ও পুরু হয়ে যায়। সাধারণ অবস্থায় এটিকে পেরিউঙ্গুয়াল ক্যালোসিটি (Periungual Callosity) বলা হয়। নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি কোনো রোগ নয় বরং ত্বককে বাইরে থেকে রক্ষা করার একটি সুরক্ষা আবরণ। তবে এই আবরণ যখন কেউ দাঁত দিয়ে খুঁটে নষ্ট করে তখন নখ, দাঁত ও মাড়িতে কিছু সমস্যা দেখা দেয়।
যে কারণে দাঁত দিয়ে নখের চামড়া ছিঁড়বেন না
ইনফেকশন: দাঁত দিয়ে নখের চামড়া ছিঁড়লে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। তখন কাটা জায়গায় ব্যাকটেরিয়া সংক্রমণে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। কখনো কখনো সে স্থান পচে পুজও জমতে পারে। এতে নখের স্বাভাবিক গঠন নষ্ট হয়।
নখের গঠনে বিকৃতি: আঙুলের চারপাশের ত্বক বা টিস্যু ক্ষতিগ্রস্ত হলে নখের স্বাভাবিক গঠন ব্যাহত হয়। এতে নখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে নখের গঠন বাঁকা হয়।
পেটে জীবাণুর সংক্রমণ: হাত ও নখে সাধারণত প্রচুর পরিমাণে জীবানু থাকে। দাঁত দিয়ে নখ কাটলে সেসব আমাদের পেটে যায়। এতে ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে।
আরও পড়ুন: নখ যে রোগের কথা বলে
দাঁতের অ্যানামেল ক্ষয়: দাঁত দিয়ে বার বার নখ বা নখের চামড়া খুঁটলে নখের পাশাপাশি দাঁতেরও ক্ষতি হয়। এতে দাঁতের অ্যানামেল ক্ষয় হয় এবং দাঁত ভেঙ্গে যাওয়ার ঝুঁকি বাড়ে। এমনকি নখের জীবাণু মুখে প্রবেশ করে মাড়িতে ইনফেকশনও ঘটাতে পারে।
পেরিউঙ্গুয়াল ক্যালোসিটি বা নখের চামড়া শক্ত কেন হয়?
অতিরিক্ত চাপ: যখন টাইপিং, গিটার বাজানো বা হাত দিয়ে অন্যান্য কাজ অধিক পরিমাণে করা হয় তখন আঙুলের ডগায় অতিরিক্ত চাপ বা ঘর্ষণ লাগে। এতে সেখানকার চামড়া শক্ত হয়ে যায়।
আরও পড়ুন: বার বার নখ ভেঙে যাচ্ছে? এসব টিপস কাজে লাগান
ভুল পদ্ধতিতে নখ কাটা: ভুল পদ্ধতিতে নখ কাটলেও এমন হতে পারে। নখের সামনের দুই কোণা ঠিকঠাকমতো না কাটলে চামড়ার ওপর চাপ বাড়ে। এতে চামড়া শক্ত হয়ে যায়।
আর্দ্রতার অভাব: নখের চারপাশের ত্বক অতিমাত্রায় সংবেদশীল। ত্বকের এই অংশে তেলের গ্রন্থি কম থাকায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। এতে সেখানকার চামড়া তুলনামূলক শক্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কড়াও পড়ে।
কামড়ানোর অভ্যাস: দাঁত দিয়ে নখ কামড়ানো এবং নখের কোণার চামড়া কাটার অভ্যাস রয়েছে অনেকের। এতে অতিরিক্ত চাপের ফলে নখের ডগার চামড়া আরও বেশি শক্ত হয়ে যায়।
আরও পড়ুন: নখ কাটার মেশিনের পেছনে ছিদ্র থাকে কেন?
পেরিউঙ্গুয়াল ক্যালোসিটি দূর করার উপায়
স্ক্রাবিং: কুসুম গরম পানিতে হাত ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখলে চামড়া নরম হয়ে যায়। তখন নেইল ফাইল দিয়ে শক্ত চামড়াটি আলতো করে ঘষে ঘষে সমান করে নিন।
সঠিক উপায়ে নখ কাটা: চামড়া বেশি শক্ত হলে গেলে নেইল কাটার দিয়ে সুন্দর করে কেটে নিতে পারেন। খেয়াল রাখবেন নখের কোণা যেন মসৃণ করে কাটা হয় এবং গভীরে যেন নখ কাটা না পড়ে।
ময়েশ্চারাইজার ও স্যালিসিলিক অ্যাসিড: শক্ত চামড়া নরম করার জন্য স্যালিসিলিক অ্যাসিড বা ইউরিয়া যুক্ত বিশেষ ক্রিম ব্যবহার করতে পারেন। দিনে ২-৩ বার এই ক্রিম আঙুলের ডগায় ব্যবহার করুন। এছাড়া, নিয়মিত কিউটিকল ক্রিম, হ্যান্ড লোশন বা ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন।
নখ কামড়াবেন না: শক্ত চামড়া দাঁত দিয়ে কাটা বা টেনে ছেঁড়ার চেষ্টা করবেন না। ব্লেড বা কাঁচি দিয়ে গভীর করেও কাটবেন না। এতে রক্তপাত হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে।
এমএম