ঝিনাইদহে চুরির অপবাদ দিয়ে মহেশপুরে এক নারীকে গাছে বেঁধে মারপিটের এক পর্যায়ে তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।
নাটিমা কুরিপোল গ্রামের হালিমা খাতুন নামের ওই নারী বর্তমানে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, মহেশপুর উপজেলার নাটিমা কুরিপোল গ্রামে আব্দুল মজিদ এর বাড়িতে হঠাৎ চিৎকার শোনা যায়। সেখানে গিয়ে এলাকাবাসী দেখেন মজিদের স্ত্রী হালিমা খাতুনকে তার ৯ বছর বয়সী ছেলের সামনে গাছের সঙ্গে বেঁধে মারপিট করা হচ্ছে। হালিমার প্রতিবেশী শফিক উদ্দিনসহ কয়েকজন মাতব্বর তাকে চুরির অপবাদ দিয়ে ওই নির্যাতন চালায়। হালিমা চুরির কথা স্বীকার না করায় এক পর্যায়ে তার মাথার চুলও কেটে দেয়া হয়।
এদিকে, স্থানীয় সলেমানের ছেলে গ্রাম্য মাতব্বর শফিক উদ্দিন ও সিরাজের ছেলে মিন্টু প্রায়ই হালিমাকে খারাপ প্রস্তাব দিত। এতে হালিমা রাজি না হওয়ায় তারই অংশ হিসেবে চুরির অপবাদ দিয়ে নির্যাতন চালানো হয়। কুরিপোল গ্রামের ব্যবসায়ী আমজাদ, জহুর আলী, আশিক, রোকনুজ্জামানসহ সবাই এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন।
এদিকে ঘটনার মূল নায়ক শফিক উদ্দিন বলছে, হালিমা চোর তাই এলাকাবাসী তাকে পিটিয়েছে। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান।
মহেশপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, ভুক্তভোগীরা এ ব্যাপারে থানায় মামলা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





