ট্রি-ম্যান রোগে আক্রান্ত আবুল বাজনদারের বাম হাতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ডান হাতে অস্ত্রোপচারের এক মাসের মাথায় তার বাম হাতে অস্ত্রোপচার করা হলো।
শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অপারেশন থিয়েটারে তার বাম হাতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। বিকেল ৫টার পরে তাকে কেবিনে নেওয়া হবে।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক রায়হানা আউয়াল ও অধ্যাপক মো. সাজ্জাদ খন্দকারসহ ৯ সদস্যের একটি দল আবুল বাজনদারের হাতে অস্ত্রোপচার করেন। এই নয় সদস্য ছাড়াও এ অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যৌন ও চর্ম বিশেষজ্ঞ অধ্যাপক কবীর চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে অস্ত্রোপচার শুরু হয়েছে। ঘণ্টা দেড়েক সময় লেগেছে। কোনো অসুবিধা হয়নি। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে কম সময়ে অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে। আবুল বাজনদারের ডান হাতটাও ভালো আছে। আরো দুই তিন সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে পায়ে অস্ত্রোপচার করা হবে।
একই রোগে আক্রান্ত আরো তিন জন রোগী রয়েছে, তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. সামন্ত বলেন, তাদের আজ বায়োপ্সি করা হয়েছে। শিগগিরই তাদের অপারেশন করার কোনো পরিকল্পনা নেই।
আবুল বাজনদারের স্ত্রী হালিমা আকতার জানান, তিনি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাইরে থেকে দেখছেন, তার স্বামী ভালো আছে। সকাল ১০ টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আবুলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন হালিমা আকতার।
এর আগে ২০ ফেব্রুয়ারি আবুল বাজনদারের ডান হাতে সফল অস্ত্রোপচার করা হয়। ১০ বছর ধরে এই রোগে ভোগা আবুলকে ৩০ জানুয়ারি ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ওএফ





