রূপগঞ্জ উপজেলার ছোনাব এলাকায় বোমা বানাতে গিয়ে ইউনিয়ন ছাত্রলীগের ৪ কর্মী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গত বুধবার গভীর রাতে ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের বাড়িতে তার ছেলে ছাত্রলীগ নেতা শাহীন মিয়ার নিয়ন্ত্রণাধীন একটি ঝুটের গোডাউনে বোমা বানানোর সময় এ দুর্ঘটনা ঘটে। সূত্র : মানবজমিন

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গত বুধবার রাত দেড়টার দিকে ছোনাব এলাকার ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহিন মিয়ার ঝুটের গোডাউনে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে জানতে পারে সেখানে বোমা বানানোর সময় রকমতউল্লাহ, শাহীন মিয়া, কবির ও রাসেলসহ ৪ জন গুরুতর হয়েছেন।

এদের মধ্যে উপজেলার ছোনাব এলাকার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হাই মিয়ার ছেলে রকমতউল্লাহকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে। ঘটনার পর সংবাদ পেয়ে গতকাল সকালে রূপগঞ্জ থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যান। এসময় বিস্ফোরণস্থল ঘরটি তালাবদ্ধ অবস্থা দেখতে পেয়ে পুলিশ তালা ভেঙে বিভিন্ন আলামত জব্দ করে।

এ সময় ঘটনাস্থল থেকে ১০টি রামদা, একাধিক ছোরা ও বিভিন্ন দেশী শস্ত্র উদ্ধার করে। স্থানীয় লোক ও একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার পরপরই ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক নেতারা ঘটনাস্থলে এসে বিস্ফোরণের আলামত সরিয়ে ফেলেন। রাতভর এ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করে। পরে ভোরে তারা যে যার মতো করে সরে পড়েন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকেই আহতদের পরিবারের লোকজন এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে। এদিকে ঘটনার সময় উপস্থিত অপর ছাত্রলীগ নেতা শাহীনের সঙ্গে মোবাইলফোনে দুপুর সাড়ে ১২টার দিকে যোগাযোগ করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীব জানান, তারা ছাত্রলীগের কেউ নয়। কোন দিন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোন মিটিং-মিছিলে তাদের দেখিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন ভূঁইয়া বলেন, ওরা ছাত্রলীগের কর্মী নয়। কাগজপত্রে ওদের নাম নেই।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোমা বানাতে গিয়ে মাদরাসা ছাত্রসহ ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে রকমতউল্লাহ নামে একজনকে গুরুতর অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেএ