সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা সবাই উপজেলার পাখিবিল গ্রামের একই পরিবারের ৪ জন বলে জানা গেছে।

আজ (০২ মে) রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেন গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী সাবিয়া বেগম (৪০), তাঁর মেয়ে সাকিয়া বেগম (৪), ছেলে তাহমিদ হোসেন (৩ মাস), বোন হাবিবুন নেছা (৩৮) ও এক‌ই গ্রামের অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫)।

পুলিশ জানায়, আজ রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশা আচমকা মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আহত দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে। 

এমবি