বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নিতে না দেয়ার ঘটনা ন্যাক্কারজনক। তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই সরকার একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৭ নাম্বার রোডে পিয়াস করিমের বাসায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,  পিয়াস করিম বর্তমান সন্ত্রাসী সরকারের বিপক্ষে কথা বলায় তার মরদেহ শহীদ মিনারে নিতে দেয়া হয়নি। শহীদ মিনার কারো পারিবারিক সম্পত্তি নয় এটা ভাষা আন্দোলনের সম্পদ।

সুপ্রীম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিক বলেন, সরকার মৃত পিয়াস করিমকে ভয় পায়। সেই জন্য পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নিতে দেয়নি।

তিনি আরও বলেন, পিয়াস করিমের লাশ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। শহীদ মিনার যদি পিয়াস করিমের লাশ ধারণ না করে তবে কার লাশ ধারণ করবে?

প্রসঙ্গত, ১৩ অক্টোবর রোববার দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন পিয়াস করিম। সোমবার ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেএ,এমএইচ