পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’টি বাড়ি ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে মতিন (৩০), আসাদুল (২৩), জোনাব আলী (৪০) ও সাহেবকে (৩৫) গুরুতর অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান জানান, জমিজমা নিয়ে কৈটোলা গ্রামের আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সামা মোল্লা গ্রুপের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থকদের বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘষের সময় মতিন ও আসাদুল নামে দু’জনের বাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেএইচ





