রাজধানীর কদমতলীতে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কদমতলীর নামা শ্যামপুর ২০ ফুট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ দুই যুবক হলেন নোমান (২৭) ও শাহজালাল (২০)।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজু মিয়া দাবি করেছেন, গুলিবিদ্ধ নোমান ও শাহজালাল মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে হেরোইন, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়েছে।
পরিদর্শক আরো দাবি করেন, গতকাল দিবাগত রাতে নামা শ্যামপুর ২০ ফুট রাস্তার মাথায় পুলিশ মাদক উদ্ধার অভিযানে গেলে নোমান ও শাহজালাল পুলিশের ওপর হামলা চালান।
পুলিশ পাল্টা প্রতিরোধ করলে তাঁরা গুলিবিদ্ধ হন। পরে রাত আড়াইটার দিকে তাঁদের ঢামেকে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ দুজনের কাছ থেকে সাড়ে চার হাজার হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি চাকু, দুটি চাপাতি, সাতটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
জেড





