ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আজ রোববারও চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।
গতকাল শনিবার রাতে রাজধানীর চানখাঁরপুলে মোমিনুল ইসলাম (৩০) নামের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে বেদম মারধর করেন কয়েকজন যুবক।
এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন। পরে রাত একটার দিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তালা খুলে দেয়।
হাসপাতাল সূত্র জানায়, তালা খুলে দেওয়া হলেও রাতভর জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। আজ সকালেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মারধরে আহত মোমিনুল হাসপাতালের অনারেবল মেডিকেল অফিসার (এইচএমও)। গতকাল রাত নয়টার দিকে মোমিনুলসহ কয়েকজন চিকিৎসক চানখাঁরপুলে একটি হোটেলে খেতে যান। খাওয়া শেষে হাসপাতালে ফেরার পথে আফতাব হোটেলের সামনে ১০ থেকে ১৫ জন যুবক হকিস্টিক নিয়ে তাঁদের ঘিরে ধরেন। ওই যুবকেরা জিজ্ঞেস করেন, তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক কি না। উত্তরে তাঁরা হাসপাতালের অনারেবল মেডিকেল অফিসার (এইচএমও) পরিচয় দেন।
পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগে ওই যুবকেরা তাঁদের ওপর হামলে পড়েন। তাঁরা হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে পারলেও মোমিনুল পারেননি। ওই যুবকেরা তাঁকে বেদম মারধর করেন।
মারধরে মোমিনুলের মাথা ফেটে গেছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। ঢাকা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে শতাধিক শিক্ষানবিশ চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগে এসে জড়ো হন।
কারা, কী কারণে মারধর করেছে প্রশ্ন করলে চিকিৎসকদের কেউই এ ব্যাপারে মন্তব্য করেননি।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]