সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগরে গাছে বেঁধে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী মোস্তফাকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩টার দিকে মোস্তফাকে আটক করা হয়। ১৬ জুলাই এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি ফাঁস হয়।
সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যখন সারাদেশ সোচ্চার ঠিক এমন সময় আবারও শিশু নির্যাতনের মত এমন ঘটনা ঘটলো।
নির্যাতনের শিকার শিশুরা হলো- একই গ্রামের ইসমাইল তরফদারের ছেলে ইয়াছিন (৮) ও হামিদ তরফদারের ছেলে নাছিম (৯)। এরা দু’জনেই তৃতীয় শ্রেণির ছাত্র। নির্যাতনকারী মোস্তফা ওই গ্রামের ইমরান আলী মোড়লের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী মোস্তফার জায়গার উপর দিয়ে গড়ে ওঠা পায়ে হাঁটা রাস্তার উপর খেলছিল ইয়াছিন ও নাছিম। এ সময় বৃষ্টি শুরু হলে মোস্তফা তাদের বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তারা বাড়ি না গিয়ে সেখানে খেলা করায় রাস্তায় কাদা হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা তাদের দু’জনকে একই গাছে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে ইয়াছিন ও নাছিমের অভিভাবকরা এগিয়ে এলে তাদেরও মারধর করতে উদ্যত হন মোস্তফা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, শিশু ইয়াছিন ও নাছিমের নির্যাতনকারীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
কেএইচ





