হবিগঞ্জ শহরের চুনারুঘাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলার বড়াইল এলাকায় খোয়াই নদীর বেড়িবাধেঁ অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়

চুনারুঘাট থানা পুলিশ জানায়, শনিবার সকালে বেড়িবাধ এলাকায় লতাপাতা দিয়ে মোড়ানো ওই লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জিন্স প্যান্ট ও টিশার্ট পরিহিত আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করেন।

তিনি জানান, ওই যুবকের গায়ে ২০-২৫টি আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু রক্তের কোনো চিহ্ন নেই। ওই যুবকের প্যান্টের পকেটে হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বন্ধন হোটেলের একটি চাবি পাওয়া গেছে। সুরতহাল শেষে মৃতদেহটি ময়না তদন্তের জন হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

এদিকে, হোটেল ম্যানেজার ভানু চন্দ্র দাস জানান, শুক্রবার বিকেলে এক যুবক হোটেলে এসেছিলেন।

এসময় ম্যানেজার তাকে নাম রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানালে ওই যুবক পরে ফরম পূরণ করবেন বলে চাবি নিয়ে রুমে ঢুকে যান। কিছুক্ষণ পর সে যুবক বেরিয়ে পড়েন। রাতে ওই যুবক আর হোটেলে আসেননি।

পরে ম্যানেজার ভানু চন্দ্র দাসকে লাশ সনাক্ত করার জন্য চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জানান, শুক্রবার ওই যুবক আরেকজনের সাথে হোটেলে এসেছিলেন।

এসএইচ