বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘২০ দলীয় জোটের ডাকা অবরোধে জনগণের কোনো অংশগ্রহণ নেই।’
তিনি বলেন, ‘মুষ্টিমেয় কিছু লোক নিয়ে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। শ্রমজীবী গরীব মানুষরাই এই অবরোধের শিকার হচ্ছেন।’
নড়াইলের সীমান্তবর্তী বাকড়িতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুইদিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘এই আন্দোলন সফল হবার কোনো অবকাশ নেই। বিএনপি এবারও এই আন্দোলনে পরাজিত হবে। আমি আহবান জানাবো তারা যেন এই হঠকারী পথ থেকে সরে এসে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পথে রাজনৈতিকভাবে আন্দোলন করে।’
অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাতি কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, আনিচুর রহমান মল্লিক, মনোজ সাহা,এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, ন্যাপের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
জেআই





