দেশব্যাপী অব্যাহত খুন, গুম, নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, গণভিত্তি না থাকায় এ সরকার চোপার (চাপাবাজি) ওপর ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা দেশটাকে লুটপাটের রাষ্ট্র বানিয়ে ফেলেছে।

শনিবার সকালে যশোর শহরের দড়াটানায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ২০ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ভোটারবিহীন অবৈধ এ সরকারের আইনশৃঙ্খলাবাহিনী ও দলীয় ক্যাডাররা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদদের হত্যা ও গুম করে চলেছে। কোন হত্যাকান্ডের বিচার না হওয়ায় দিনের পর দিন এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, হত্যা-গুম, নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায় না, এ সরকারও টিকে থাকতে পারবে না।

সম্প্রচার নীতিমালার সমালোচনা করে তরিকুল বলেন, সাংবাদিকরা যাতে এ সরকারে দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কথা লিখতে না পারে সেকারণে এ আইন করা হচ্ছে। সাধারণ মানুষ যেন তাদের অপকর্মের কথা জানতে না পারে-সে ব্যবস্থা নিতে চাইছে তারা।

তিনি বলেন, দেশপ্রেমিক জনগণের তীব্র আন্দোলনের মুখে এ সরকারের পতন নিশ্চিত হবে।

শহরের দড়াটানা থেকে চিত্রামোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা জাগপা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন অমিত প্রমুখ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম বলেন, সরকারের পৃষ্টপোষকতায় আইনশৃংখলা বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আকড়ে আছে। সরকার চাপা ও চুপার জোরে ক্ষমতায় টিকে আছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই